চলে গেলেন ফেনীর ডাঃ ফারুক
ফেনীর জনপ্রিয় চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আছাদ উল্যাহ ফারুক (৬২) আর নেই। সম্প্রতি ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। রাত ২ টার দিকে নিজ বাসভবনে বুকের ব্যথা অনুভব করলে নিজেই ডায়াবেটিক হাসপাতালে এসে ভর্তি হন। ভোর সাড়ে ৪ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর ২ টায় শহরের মিজান ময়দানে প্রথম জানাযা ও ছাগলনাইয়া উপজেলার কাশিপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডাঃ ফারুক ফেনী আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) পদ থেকে অবসর নেন।
তিনি ফেনী সার্জিক্যাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক, আঞ্জুমান মফিদুল ইসলাম ফেনী শাখার সভাপতি, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল -এর সাবেক সভাপতি, বিএমএ -এর সাবেক সভাপতি, ফেনী ডায়াবেটিক সমিতি, ফেনী হার্ট ফাউন্ডেশনসহ অনেক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
|