ফেনীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-এই স্লোগানকে সামনে রেখে সিডিএসবি ফাউন্ডেশন ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি, ফেনীর যৌথ উদ্যোগে ২১ থেকে ২৫ মে ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ড. মুহাম্মদ জাফর ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আব্দুল কুদ্দুস খান। প্রধান আলোচক ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।
শিশুদের মেধা বিকাশ ও নির্মল বিনোদন প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত এ উৎসবে জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, ভারত, এস্তোনিয়া, ইরান, বাংলাদেশসহ ১০টি দেশের সর্বমোট ২১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়। ছবিগুলোর মধ্যে ছিল পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এক মিনিটের ভিডিও ও উৎসব লোগো ফিল্ম।
|