date
cover
 
 
 
সম্পাদকীয়

চাই পূর্ণাঙ্গ নোয়াখালী মেডিকেল কলেজ
নোয়াখালী মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শিক্ষার্থীরা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে, ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে। প্রতিষ্ঠার দেড় বছর পরও কলেজটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এখনও এর অর্গানোগ্রাম তৈরি হয়নি; নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে জোড়াতালি দিয়ে চলছে এর শিক্ষা কার্যক্রম। আবাসিক সমস্যা ও শিক্ষক সংকটে ছাত্র-ছাত্রীদের পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

অনেক আন্দোলন-সংগ্রামের পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নোয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠালাভ করে। কিন্তু বৃহত্তর নোয়খালীবাসীর কাঙ্খিত মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত না হওয়ায় তারা হতাশ ও ক্ষুদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন -এটিই কাম্য।

 

line

রামগতি ও কমল নগরকে রক্ষা করুন
প্রমত্তা মেঘনার আগ্রাসী রূপ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের মানুষের মনে আতংক সৃষ্টি করেছে। রাক্ষুসী মেঘনার পেটে চলে যাচ্ছে একটির পর একটি জনপদ। বাড়ি-ঘর, হাট-বাজার, স্কুল-মাদ্রাসা, কৃষিজমি কিছুই রক্ষা পাচ্ছে না ভাঙ্গনের কবল থেকে। রামগতি ও কমল নগরের আয়তন দিন দিন ছোট হয়ে আসছে। ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা গৃহীত না হলে এ দু’টি উপজেলা নোয়াখালীর মানচিত্র থেকে হারিয়ে যাবার আশংকা দেখা দিয়েছে।

নদী ভাঙ্গনরোধ এবং ভাঙ্গন-কবলিত মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজন স্থানীয় ও জাতীয় পর্যায়ে কার্যকর সরকারি উদ্যোগ। বিদেশী দাতা সংস্থাগুলোর আর্থিক সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ করলে এখনও রামগতি ও কমল নগরকে মেঘনার গ্রাস থেকে রক্ষা করা যায়। তা না হলে হাজার হাজার কৃষি-কর্মী ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় নেবে বেড়িবাঁধে, যাপন করতে বাধ্য হবে মানবেতর জীবন। জনগণ চায়- ত্বরিৎ উদ্যোগ আসুক সরকারের কাছ থেকে।
     
lbheading